সাভারের বিরুলিয়ার মৈস্তাপাড়ায় যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৮ মে ) বিকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের মৈস্তাপাড়ায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ আমীর শিরালী।
সভায় বক্তারা বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা এবং এর ফলে তরুণ সমাজের নৈতিক ও সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ আমীর শিরালী বলেন,মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।

আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই বিষাক্ত ছোবল থেকে বাঁচাতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।" তিনি আরও বলেন, "মৈস্তাপাড়াসহ সমগ্র বিরুলিয়া ইউনিয়ন থেকে মাদক ব্যবসায়ী ও অপরাধ চক্রের মূল উৎপাটন করতে আমরা বদ্ধপরিকর। বিরুলিয়াকে একটি আদর্শ ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।" অনুষ্ঠানে স্থানীয় বর্তমান ও প্রাক্তন জনপ্রতিনিধিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজসেবক এবং সর্বস্তরের সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাদক প্রতিরোধে প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সাথে তরুণদের মাদক থেকে দূরে রাখতে এলাকায় খেলাধুলা ও গঠনমূলক সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। সামাজিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মৈস্তাপাড়ার সাধারণ মানুষ এলাকায় মাদকের বিস্তার রোধে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।